২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ চলছে: নাহিদ

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা অর্জন করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে সেটিই হওয়া উচিত আমাদের সকলের অগ্রাধিকার।”

“মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির কর্মসূচির সমাপনী দিনের আলোচনাসভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে নানা অনিয়মের আবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে গিয়েছিল। বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে সে অবস্থা থেকে অনেকটা তুলে আনতে সক্ষম হয়েছে।

সেশনজট জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সমস্যা ছিল এবং তা নিরসনকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ একাডেমিক প্রোগ্রাম গ্রহণ করায় ইতোমধ্যে সেশনজট প্রায় দূর হয়েছে বলে জানান মন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর-অর-রশিদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ।

গওহর রিজভী বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবেশাধিকারের পাশাপাশি উন্নতমানের শিক্ষা নিশ্চিত করা আবশ্যক। অন্যথায় বিশ্ববিদ্যালয় শিক্ষা বহুলাংশে অর্থহীন হয়ে দাঁড়ায়।

মানসম্পন্ন শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক ও ক্লাসরুম টিচিংয়ের বিকল্প নাই বলে তিনি মনে করেন।

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান।

সারাদেশ জুড়ে বিস্তৃত এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৪৯ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে তিনি জানান।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে কেক কেটে এবং তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।