জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী বুধবার
জাতীয় বিশবিদ্যালয় তাদের প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, বুধবার থেকে দুই দিন উৎসবের নানা আয়োজনে এ রজতজয়ন্তী পালিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার থেকে পুরো ক্যাম্পাস আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে।
ফয়জুল করিম বলেন, বুধবার সকাল ১১টা ৫মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, সাড়ে ১১টায় বিশেষ প্রদর্শনী, ১১টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা ও দুপুর ১টায় স্মৃতিচারণ অনুষ্ঠান হবে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত থাকবেন।
সবকটি অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ সভাপতিত্ব করবেন বলে জনসংযোগ দপ্তরের এ কর্মকর্তা জানান।
