২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা

‘বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার’ অন্তঃসত্ত্বা এক মাদ্রাসা ছাত্রীর পরিবার মামলা করেছে দুই সন্তানের জনক এক প্রতিবেশীর বিরুদ্ধে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মামলার প্রধান আসামি দুলাল মিয়া (৩৫) সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত আয়েব আলীর ছেলে।

অপর আসামিরা হলেন দুলালের মা আছিয়া বেগম (৫০) ও ভাই শামীম (২৫)।

নরসিংদী সদর থানার ওসি জানান, গত ২৫ মে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলাটি দায়ের করেন মেয়েটির বাবা।

“মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।”

মামলার নথি থেকে জানা যায়, দুলাল মিয়া গত ১০ জানুয়ারি তাদের প্রতিবেশীর মেয়ে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির এই ছাত্রীকে (১৫) বিয়ের প্রলোভনে ধর্ষণ করে।

ওইদিন মেয়েটির মা ও বাবা বেড়াতে যাওয়ায় মেয়েটি বাড়িতে একা ছিল।

মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রামে বিষয়টি জানাজানি হয়।

নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থা ‘এমডিএস’-এর নির্বাহী পরিচালক পরিচালক ফাহিমা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশে দুলালকে বিয়ে করার জন্য এলাকাবাসী চাপ দিরে দুলাল অপারগতা প্রকাশ করে।

“তবে মেয়েটির পরিবারকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা দেওয়ার প্রতিশ্রুত দেয়; কিন্তু সালিশের পরদিন সে পালিয়ে যায়।”

ফাহিমা জানান, এরপর মেয়েটির পরিবার এমডিএস ও ‘নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’ (এনএন সিএন), নরসিংদী বরাবর একটি দরখাস্ত করে। এছাড়া আদালতে মামলাও করে।

সদর থানার ওসি গোলাম মোস্তফা আরও জানান, মামলা চলাকালে দুলাল, তার ভাই শামীম ও মা আছিয়া বেগমসহ কয়েকেজন মামলা তুলে নেওয়া এবং মেয়েটির গর্ভপাত ঘটানোর জন্য চাপ প্রয়োগ করে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির মা।