২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদাম বিক্রেতা শিশুটির দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সংসারের খরচ চালাতে শহরে বাদাম বিক্রয়ে নামা শিশু আসমার পরিবারের দায়িত্ব নিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2017, 11:56 PM

Updated : 11 Oct 2022, 02:39 PM

বৃহস্পতিবার আসমার (৯) পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে ডেকে নেন জেলা প্রশাসক।

শহরের আলীপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আসমা। বাবা কাশেম শেখ গত রোজার মাসে নিখোঁজ হলে পরিবারটি অভাব অনটনের মধ্যে দিয়ে চলছিল।

দুই ভাই-বোনের মধ্যে আসমা বড়। ভাই মিলন (৬) একটি চায়ের দোকানে কাজ করে। মা বেদেনা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে শিশু আসমার বাদাম বিক্রয়ের কাহিনি প্রকাশিত হয়।

কার্যালয়ে আসার পর জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া আসমাকে সস্নেহে কাচে টেনে নিয়ে জিজ্ঞেস করেন, “মা তুমি কী হতে চাও?”

আসমার বলে, “আমি ডাক্তার হতে চাই।”

ইংরেজিতে আমি আসমা বলতে বললে তাৎক্ষণিক উত্তর, “আই এম আসমা।”

জেলা প্রশাসক আসমার মা বেদেনা বেগমকে বলেন, মেয়েকে আর বাদাম বিক্রি করতে পাঠানো যাবে না। দেশে এখন পড়াশোনা করতে তেমন অর্থ লাগে না। সরকার নারী শিক্ষার উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছে।

জেলা প্রশাসক তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে ফোন করে নির্দেশ দিলেন যেন আসমার শিক্ষার উন্নয়নে সার্বিক সাহায্য সহযোগিতা করা হয়। এছাড়া আসমার ছোট ভাই চায়ের দোকানে থাকা মিলনকে স্কুলে ভর্তিরও নির্দেশ দেন।

জেলা প্রশাসক বলেন, “প্রতি মাসে আসমার পরিবারকে পাঁচ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। কিন্তু এই পরিবারের দুটি শিশুকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

তিনি তাৎক্ষণিক আসমার মায়ের হাতে খাবারের জন্য নগদ দুই হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু নাঈম মোহাম্মদ আবদুস সবুর, সাংবাদিক সাজ্জাদ হুসাইন বাবু, সাংবাদিক বিজয় পোদ্দার, সাংবাদিক মফিজুর রহমান শিপন প্রমুখ।

আসমার মা বেদেনা বেগম বলেন, “জীবনের হতাশায় নতুন আলো পেলাম। এখন আর ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট অভাব বলতে থাকবে না। আসমা ও মিলনকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব। আল্লাহ যেন আমাদের দিকে তাকান।”

গত রোজার মধ্যে এই পরিবারের একমাত্র উপার্জনকারী আসমার বাবা কাশেম শেখ নিখোঁজ হলে পরিবারটি মানবেতর জীবনযাপন শুরু করে। তাদের বাড়ি ফরিদপুর শহরের আলীপুর খাঁ পাড়ায়। দুই বছর আগে কাশেম ছেলে মেয়েদের নিয়ে রাজবাড়ীর পাংশা থেকে ফরিদপুরের বসবাস শুরু করেন।