মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার বিকালে এসএস পরিবহনের এক বাস সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায় বলে জানান সিরাজদিখান থানার ওসি আবুল কালাম।
নিহতরা হলেন যাত্রী সালমা বেগম (৩৫), গীতা পাল (৬০) এবং বাসটির চালক স্বপন মিয়া (৩৫)।
আহতদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ডুবে যাওয়া বাসটিতে আর কোনো লোক নেই বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এ দুর্ঘটনার পর সিরাজদিখান-নিমতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ওসি বলেন, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশের খাদে পানিতে পড়ে যায়। পরে আসপাশের লোকজন গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত্যু ঘোষণা করে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়। তবে বাসটি এখনও পানি থেকে ওঠানো যায়নি বলে জানান তিনি।
