সুনামগঞ্জে এলাকাবাসীর সংঘর্ষে নিহত দুই
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১০ জন।
শনিবার দুপুরে দোহালিয়া ইউনিয়নের বেড়িগাঁও এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান সহকারী পুলিশ সুপার দোলন মিয়া।
নিহতরা হলেন একই ইউনিয়নের গুরেশপুরের শেরুজ্জামান (৩৫) এবং বেড়িগাঁওয়ের এবাদুর রহমান (৬০)।
এলাকাবাসীর বরাত দিয়ে এএসপি দোলন মিয়া জানান, জায়গা জমি নিয়ে শেরুজ্জামানের সঙ্গে বেড়িগাঁওয়ের মাসুক মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে।
“এর জেরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
এএসপি দোলন বলেন, সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে এবাদুর মারা যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান শেরুজ্জামান।
নিহত এবাদুর রহমান মাসুক মিয়ার পক্ষের বলে এলাকাবাসী জানিয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
