টাম্পাকো দুর্ঘটনা: এক বছরেও শনাক্ত হয়নি ৫ লাশ
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়লস কারখানায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ জনের লাশ এক বছরেও শনাক্ত হয়নি।
ডিএনএ পরীক্ষা সম্পন্ন না হওয়ায় পাঁচ লাশের পরিচয় সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি বলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকোতে গত বছরের ১০ সেপ্টেম্বর বিস্ফোরণের পর আগুন ধরে ভবনের একটি অংশ ধসে ৪১ জনের মৃত্যু হয়; যার মধ্যে পাঁচ লাশের পরিচয় জানা যায়নি। আহত হন অর্ধ শতাধিক।
ঘটনার পর থেকে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
টঙ্গীর টাম্পাকো ফয়েলসের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন এক জন। (ফাইল ছবি)
টাম্পাকো কারখানার সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) মো. নয়ন উদ্দিনের দাবি, এ কারখানায় কোনো বুস্টার মেশিন ছিল না। গ্যাসের চাপ বেড়ে পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত বলেন, টাম্পাকো কারখানা দুর্ঘটনায় নিহত মোট ৪১ জনের মধ্যে পাঁচজনের লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ডিএনএ পরীক্ষা সম্পন্ন না হওয়ায় তাদের পরিচয় এখনও মিলেনি।
টাম্পাকো দুর্ঘটনা মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণে আগুন ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে।
ট্যাম্পাকা কারখানার আগের জায়গায় রোববার থেকে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান ওসি আলমগীর।
