টাম্পাকো দুর্ঘটনা: আরও এক শ্রমিকের মৃত্যু
টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত হোসেন আহমেদ রাসেল (২৬) সিলেটের গোলাপগঞ্জের গাগুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
মঙ্গলবার বিকালে ঢাকার ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান টঙ্গী থানার এসআই সুমন ভক্ত।
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনায় এ নিয়ে ৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।
এ দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথাও গাজীপুরের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
এসআই সুমন বলেন, মঙ্গলবার বিকালে ৪টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে রাসেলের মৃত্যু হয়। রাতে তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দাফন কাজ সম্পন্নের জন্য রাসেলের বাবা হাসান আলীর কাছে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান।
