স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, ২ জনের দণ্ড
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই যুবককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোপালহাটি গ্রামের মুক্তার আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) ও তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২১)।
মনিরুলকে ছয়মাস ও শাকিলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসি সায়েদুর বলেন, বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে মনিরুল ও শাকিল। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে দুজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।
“রাতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমা নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেন।”
