২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিমুলিয়ায় ১৫ ঘণ্টা অপেক্ষা’

ঈদযাত্রায় দুর্ভোগে পড়েছেন পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরির অপেক্ষায় থাকা সহস্রাধিক গাড়ির যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 09:40 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

ঘাট এলাকায় ১৫ ঘণ্টা পর্যন্ত ফেরির অপেক্ষায় রয়েছেন বলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ বলেন, নাব্যসংকট ও স্রোতের মুখে সব ফেরি চলতে না পারায় এমন সংকট। এ পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প পথ মানে পাটুরিয়া-দৌলতদিয়া। শিমুলিয়া থেকে এ সময় সেখানে যাওয়া আরও কঠিন।

এদিকে শিমুলিয়ায় বসে থাকতে থাকতে অনেকে ১৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করছেন বলে খবর পাওয়া গেছে।

ঢাকার মিরপুরের একটি পোশাক কারখানায় মার্চেন্ডাইজার পদে কাজ করেন নড়াইলের সবুজ আহমদ। তিনি স্ত্রী ও শিশুছেলেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি যাচ্ছেন।

সবুজ শুক্রবার বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কাল (বৃহস্পতিবার) রাত ১০টায় ঢাকার নাখালপাড়া থেকে রওনা হয়েছি। তারপর রাত ২টা থেকে গাড়ির লাইনে।”

তিনি শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে ফেরিতে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচ শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস ছাড়াও দুই শতাধিক বাসকে ফেরির অপেক্ষায় দেখা গেছে।

ব্যবসায়ী ইফতেখার আহমেদ একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার যাত্রীবাড়ী থেকে ফরিদপুর যাচ্ছেন।

“সকাল ১০টায় টেপড়া-নালী সড়কের কয়রা এলাকায় গাড়ি নিয়ে জ্যামে পড়ি। এখনও ফেরিতে উঠতে পারিনি। ঈদের আনন্দের চেয়ে কষ্টটাই বেশি।”

এ কে ট্রাভেলস পরিবহনের একটি বাসের যাত্রী সোবহান মৃধা বলেন, “ভাবছিলাম আজ বুঝি যানজট কম অইবো। কিন্তু যানজট এড়ানো গেল না।”

বিলম্বের কারণে সম্পর্কে বিআইডব্লিউটিসি আরিচার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, “নদীতে প্রবল স্রোত ও অতিরিক্ত যানবাহনের প্রচণ্ড চাপের কারণে ঘাট এলাকায় জট লাগছে।”

আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যসংকটে সব ফেরি চলতে পারছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়ার এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ।

“দুপুরে হঠাৎ করে পানি কমে যাওয়ায় রো রো ফেরিগুলো চলতে পারছে না। চ্যানেলে এখন মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় ফুট পানি রয়েছে।”

শিমুলিয়ায় ছয় শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, তীব্র স্রোতে ও বাতাসে এমনিতেই বেশি সময় লাগছিল। তার সাথে হঠাৎ যোগ হয়েছে নাব্যসংকট।”

এখানে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিড বোট দিয়ে যাত্রী পার করা হচ্ছে বলে তিনি জানান।

সরেজমিনে দেখা গেছে, এসব লঞ্চ ও স্পিড বোট অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, যাত্রীদের নির্বিঘ্নে পার করার জন্য ছয় শতাধিক পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও কমিউনিটি পুলিশ কাজ করছে। চাপ বেশি থাকলেও সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।