গাজীপুরে কিশোরকে ঘাড় কেটে হত্যা
গাজীপুরে নিখোঁজ এক কিশোরের ঘাড় কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর নলজানি এলাকার একটি পুকুর পাড় থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই মোমিন মিয়া জানান।
নিহত জনি (১৭) স্থানীয় বারিয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে। সে টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
এসআই মোমিন বলেন, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় জনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে নলজানিস এলাকায় স্থানীয়রা তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
তিনি বলেন, “ধারালো অস্ত্র দিয়ে ঘাড় কেটে জনিকে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
লাশ ময়নাতন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
