২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানি সামনে রেখে ব্যস্ত সিলেটের কামাররা, জমেনি কেনা-বেচা

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের কামাররা ব্যস্ত সময় পার করলেও জমেনি কেনা-বেচা।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 01:48 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

কামারপাড়ায় দা, ছুরি, বটি তৈরির ধুম পড়লেও বাজারে এখনও ক্রেতার দেখা না মেলায় কিছুটা হতাশার মধ্যে পড়েছেন তারা। অনেকেই আবার আশা করছেন শেষ মুহূর্তে বাজার জমে উঠবে বলে।

সিলেটে বাজার রোডের হাটখোলা এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানকার ২৬টির বেশি দোকানে শতাধিক কর্মকার দা, ছুরি ও বটি তৈরিতে ব্যস্ত। এছাড়া কালিঘাট, তোপখানা, কাজিরবাজার, আম্বরখানা, মহাজনপট্রি কামারপাড়ায়ও চলছে ঈদকে সামনে রেখে দা, ছুরি, চাপাতি, বটি তৈরির কাজ।

তোপখানা এলাকার বিমান কর্মকার বলেন,“সারাবছর তেমন কাজ-কর্ম না থাকলেও কোরবানির ঈদ আসলেই জেগে উঠে কামারপাড়া। দা-ছুরির চাহিদা বেড়ে যাওয়ায় কামারদের কাজ করতে হয় দিন-রাত।”

তবে এবার বাজারে ক্রেতার দেখা মিলছে না জানিয়ে তিনি বলেন,  প্রতিবছর এমন সময়ে বেচা-কেনা বেশ ভাল হলেও এবার হতাশ বিক্রেতারা।

কাজিরবাজার এলাকার বেনু দাস জানান, “সারা বছর মাংস কাটার দা, বটি, ছুরি, চাপাতি প্রভৃতি বিক্রি করে যে ব্যবসা হয় তারচেয়ে কয়েকগুণ বেশি ব্যবসা হয় কোরবানির ঈদে। কিন্তু এবার বাজারে ক্রেতা কম। তাই ব্যবসা মন্দা।”

কালিঘাট এলাকার ব্যবসায়ী নিভু দে জানান, কাঁচা লোহা, ইস্পাত ও কয়লার মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই ধুঁকছে কামারশিল্প। অনেকে পেশা বদল করছেন।

“ঈদের চাহিদার কথা বিবেচনা করে অনেক জিনিসপত্র তৈরি করা হলেও বাজারে ক্রেতা নেই। তাই লোকসানের মুখে পড়তে হবে।”

তবে শেষ মুহূর্তে বাজার কিছুটা জমে উঠবে বলে আশা করছেন নিভু দে।

বাজার ঘুরে দেখা যায়, পুরনো ছুরি ধার দিতে ৪০ থেকে ১২৫ টাকা নেওয়া হচ্ছে। নতুন বড় ছুরির দাম পড়ছে খরচ ৭০০ থেকে ৮০০ টাকা, আর চাপাতি পাওয়া যাচ্ছে ৭০০ টাকার মধ্যে। এছাড়া ছোট ছুরি ৫০ থেকে ১০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। আর বটি আকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।