ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক থাকতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টা পরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুরের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় কয়েকশ যানবাহনের সারি তৈরি হয়।
কোরবানির ঈদ সামনে রেখে শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকার যানজট পরিস্থিতি দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল করে রাস্তায় খানা-খন্দ মেরামত ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃষ্টির অজুহাতে যানজট সহ্য করা হবে না বলেও তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও টিকাদারদের হুঁশিয়ার করেছেন।
“কিন্তু দুপুর আড়াইটার দিকে প্রাইভেটকার যোগে ফেরার পথে চন্দ্রার পর থেকেই যানজট শুরু হয়। জেলা শহরে পৌঁছতে আধাঘন্টার পথ যেতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে।”
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ মেরামত কাজ করার সময়ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
বাস চালক মো. সাদ্দাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে কালিয়াকৈরের সফিপুর পর্যন্ত আসতে।
“ভাঙ্গাচোরা সড়কে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটছে। সড়কের অনেক স্থানে মেরামত কাজ চলছে। ওইসব স্থানে গাড়ি বন্ধ করে বসে থাকতে হয়।”
সকালে চন্দ্রা এলাকায় যানজট পরিস্থিতি দেখতে এসে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে গাজীপুরে যানজট নিরসন করতে মহাসড়কে এক হাজার দুইশ পুলিশ নিয়োগ করা হয়েছে।
“মহাসড়কে গরুর হাটও বসতে দেওয়া হয়নি। তাদের কাজ নজরদারিতে রাখতে চন্দ্রা, চান্দনা-চৌরাস্তা, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”
গত ঈদের মতো এ ঈদেও যানজট হবে না বলে আশা প্রকাশ করে তিনি জানান, ঈদে জেলার প্রায় দুই হাজার পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, বৃষ্টি ও মহাসড়কে স্থানে স্থানে খানাখন্দ থাকায় এবং বিকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী থেকে সফিপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক মেরামত করতে গিয়েও যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।
তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।
