২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ জট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বিভিন্ন অংশে যানজট দেখা দেওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে ঘরমুখী যাত্রীদের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 01:42 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শুক্রবার সকালে পদুয়ার বাজার, বিশ্বরোড রেলওয়ে ওভারপাস, গৌরীপুর, দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গিয়ে গাড়ির দীর্ঘ লাইন ও কোথাও কোথাও ধীরগতি দেখা গেছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, “চালকদের অসুস্থ প্রতিযোগিতা ও যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামার কারণে যানজট দেখা দেয়। পুলিশ জট নিরসনে কাজ করছে।”

ভোর সাড়ে ৬টায় মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারে ও কুমিল্লার গৌরীপুর এলাকায় প্রায় ৮ কিলোমিটার জট লাগে। বেলা ১২টার দিকেও এই জট থাকে।

শ্যামলী পরিবহনের বাসচালক সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ঈদের তুলনায় এ ঈদে গাড়ির সংখ্যা বেশি। ওদিকে পুলিশের তৎপরতা নেই। মেঘনা সেতুতে টোল আদায়ে দেরি হচ্ছে। এসব কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভুগছি।”

এ বিষয়ে টোল প্লাজার একজন কর্মকর্তা নাম না জানিয়ে বলেন, প্রতিদিন ১০ থেকে ১১ হাজার গাড়ি এই সেতু পার হয়। শুক্রবার তার সঙ্গে আরও চার-পাঁচ হাজার গাড়ি যোগ হওয়ায় জট লাগছে।

 

এদিকে পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস এলাকায়ও প্রায় এক কিলোমিটারে জট দেখা গেছে। রেলওয়ে ওভারপাসের নিমার্ণকাজ চলায় যে খনাখন্দ সৃষ্টি হয় তা ইটপাথর দিয়ে মেরামত করা হলেও উঁচু-নিচু থাকায় এখানকার এই জট।

সকাল পৌনে ৭টায় পদুয়ারবাজার এলাকায় ঢাকাগামী একটি মিনি ট্রাক গর্তে আটকে গেলে দুই কিলোমিটারে জট লাগে। আধা ঘণ্টা পরে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় প্রায় এক কিলোমিটারে জট লাগে সকাল ৭টা থেকে ৮টায় পর্যন্ত।