২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ভারতীয় নিহত

যশোর-বেনাপোল মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন; আহত হয়েছেন প্রাইভেট কারের চালক ও নিহতের পরিবারের দুই সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 03:51 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আফজাল হোসেন জানান, শুক্রবার ভারত ফেরার পথে নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে দুর্ঘটনায় পড়ে পরিবারটি।

নিহত স্বপন ঘোষ ওরফে টুনা (৪৫) ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার মাটিঢালি এলাকার বাসিন্দা।

আহতরা হলেন স্বপনের স্ত্রী অঞ্জনা ঘোষ (৩৫), শ্যালিকা কাজল ঘোষ (৩২) এবং প্রাইভেট কার চালক আমজাদ হোসেন (৩৫)।

কাজল ও অঞ্জনাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আমজাদকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আফজাল বলেন, স্বপন ঘোষ, কাজল ঘোষ ও অঞ্জনা ঘোষ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।

“শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য একটি ভাড়ার প্রাইভেট কারে যশোর থেকে বেনাপোল যাচ্ছিলেন।আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে স্বপন ঘোষ, কাজল, অঞ্জনা এবং চালক আমজাদ আহত হন।যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ারপর স্বপন ঘোষ মারা যান বলে জানান এসআই আফজাল।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক কৌশিক শিকদার স্বপন ঘোষের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বলে জানান আফজাল।

বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। স্বপনের মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।