কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেরায় মোটরসাইকেল থেকে পড়ে পুলিশের এক এসআই মারা গেছেন।
শুক্রবার বলিয়াদী-বেনুপুর সড়কের বেনুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দবির উদ্দিন (৫৫) গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে একটি মামলার তদন্ত কাজে কালিয়াকৈরের বেনুপুর এলাকায় যাচ্ছিলেন এসআই দবির উদ্দিন।
“পথে বলিয়াদী-বেনুপুর সড়কের বেনুপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলসহ তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“তিনি হৃদরোগ না কি দুর্ঘটনায় আঘাত পেয়ে মারা গেছেন তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
