২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অপহরণের একদিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অপহরণের একদিন পর এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 10:05 AM

Updated : 12 Apr 2022, 12:05 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার আইন্তা এলাকা থেকে শুক্রবার ওই প্রকৌশলীর লাশ তারা উদ্ধার করেন।

নিহত সিদ্দিক আহমেদ (৬০) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের বসুন্ধরা গ্রুপের বিটকো প্রজেক্টের ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

সিদ্দিকের ছেলে নূরুলের বরাত দিয়ে এসআই শরিফুল বলেন, সিদ্দিক বুধবার সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসার দিকে রওনা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

“পরে অপহরণকারীরা নূরুলের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনা কাউকে জানানো হলে সিদ্দিককে হত্যারও হুমকি দেয় তারা।”

এসআই বলেন, শুক্রবার সকালে আইন্তা এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“পরে খবর পেয়ে সিদ্দিকের পরিবারের লোকজন গিয়ে তার লাশ শনাক্ত করেন। সিদ্দিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় সিদ্দিকের ছেলে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।