আ. লীগের পাল্টাপাল্টি সভায় রূপগঞ্জে ১৪৪ ধারা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার মুশুরী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ঈসমাইল হোসেন।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ সভা ও মিলাদ মাহফিল আহ্বান করায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ওসি বলেন, সভাস্থলে এবং এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার মুশুরী এলাকার সফুরা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও প্রস্তুতি সভা আহ্বান করে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার অনুসারীরা। পরে একই সময়ে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অনুসারী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা প্রস্তুতি সভার আয়োজন করেন।
এ ব্যাপারে শাহজাহান ভূইয়া বলেন, জাতীয় শোক দিবস পালনের জন্য বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা ডাকা হয়েছে।ওই প্রস্তুতি সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাবেক সংসদ সদস্য ও সেক্টর কমান্ডার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতিকে এম শফিউল্লাহর উপস্থিত থাকার কথা ছিল।
“কিন্তু আমাদের সভা ডাকার পরপরই স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী ওই সভাকে বানচাল করার জন্য যুবলীগকে দিয়ে পাল্টা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।”
এ বিষয়ে তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ১ থেকে ২০ অগাস্ট পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
“এর ধারাবাহিকতায় আমরা বুধবার বিকালে মুশুরী এলাকার সফুরা কমিউনিটি সেন্টারে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করি। দলের ভেতর কোন্দল সৃষ্টি ও অনুষ্ঠান বানচাল করার জন্য একটি পক্ষ একই স্থানে পাল্টা সভার আয়োজন করেছে।”
