দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগরে প্রশাসনিক ভবন অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহার না হওয়ায় প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অংশ নেয়। সোমবার সকালে এ কর্মসূচি শুরুর পর বিকাল ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে দ্বিতীয় দিনের কর্মসূচি। এর দেড় ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা এসে বেতন তোলা উপলক্ষে একদিনের জন্য অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
তবে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহার করেছেন।
কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম বলেছেন, “গত ১৫ জুলাই ছাত্ররা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে গেলে প্রশাসন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি।
“দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। মামলা প্রত্যাহার বিষয়ে কোনো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলবে প্রতিদিন অফিস চলাকালে।”
গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনে ভাংচুর চালায়। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। পুলিশ গ্রেপ্তার করে ৪২ শিক্ষার্থীকে। পরে তারা জামিন পান।
মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে ১৫ জুলাই থেকে থেকে অনশনে যান আট শিক্ষার্থী।
অনশনের তৃতীয় দিন ১৮ জুলাই সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারের জন্য ‘করণীয় সব করবেন’ বলে অনশন ভাঙান।
