২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহার না করায় প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 10:43 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান নাদিম বলেন, “গত ১৫ জুলাই ছাত্ররা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে গেলে প্রশাসন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে আশ্বাস দেয়।

“কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। মামলা প্রত্যাহার বিষয়ে কোনো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলবে।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। গ্রেপ্তার হয় ৪২ শিক্ষার্থী। পরে তারা জামিন পায়।

মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে ১৫ জুলাই অনশনে যায় আট শিক্ষার্থী।

এর তৃতীয় দিনে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়ে অনশন ভাঙান। কিন্তু মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।