এই সরকারই নির্বাচন কমিশনকে সহায়তা দেবে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার থাকবেই এবং শেখ হাসিনা সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শনে এসে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার মন্তব্য করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের এখানে দায়দায়িত্ব যেটা, তা হলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।”
এ সময় ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পর্কে মন্ত্রী বলেন, “এবার প্রবল বর্ষণে কোনো ভাবেই রাস্তা ঠিক রাখা যাচ্ছে না। আমরা জরুরিভাবে নির্দেশ দিয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিক রাস্তায় থাকবে
“এ মুহূর্তে আমাদের একটাই এজেন্ডা সেটা হলো রাস্তাকে সচল করে রাখা।”
“কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ থাকবে না। প্রয়োজনে ইঞ্জিনিয়ারদের ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। এটাই আমার নির্দেশ। এটা বলতেই আমি এসেছি।”
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ।
