২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টি ফ্যাবসে বিস্ফোরণ: নিহতের স্বজনদের ক্ষতিপূরণ

গাজীপুরে মাল্টি ফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের স্বজনদের হাতে ক্ষতিপূরণের অর্থের চেক দেওয়া হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 08:08 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তার কার্যালয়ে চেক হস্তান্তর করেন। প্রতি পরিবারকে পাঁচ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, এ ধরনের দুর্ঘটনার পর অনেক কারখানার মালিক পালিয়ে যায়। কিন্তু মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার মালিকপক্ষ এগিয়ে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুভ লক্ষণ। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

মাল্টি ফ্যাবসের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী বলেন, “নিহত ব্যক্তিরা প্রতি মাসে যে বেতন ও প্রতি ঈদে যে বোনাস পেতেন তা আমরা অব্যহত রাখব। এজন্য মাল্টি ফ্যাবস ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করা হবে। তাদের দেখাশোনার দায়িত্ব নিলাম।”

তিনি জানান, নিহত প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে চার লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোম (আইডি) এর পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এছাড়া রপ্তানি বিল থেকে কেটে নেওয়া অর্থ যা শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়, সেই তহবিল থেকেও প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও তিন লাখ করে টাকা দেওয়া হবে বলে জানান ফারুকী।

ফারুকী আরও জানান, কারখানা কর্তৃপক্ষ নিহত প্রতিজনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আরও এক লাখ টাকা করে শ্রম আদালতে জমা দিয়েছে। এছাড়া আহত শ্রমিকরা সম্পূর্ণ কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করার পাশাপাশি তাদের বেতন-ভাতাদি দেওয়া অব্যাহত রাখবে।

লাশ বহনের জন্য প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলেও জানান ফারুকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, কারখানার অপারেশন ডিরেক্টর মেজবাহ উদ্দিন ফারুকী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কুদ্দুস, ডেনমার্কের বায়ার রেক্স হোম-এর প্রতিনিধি মরিয়ম খাতুন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে ১৩ কর্মী নিহত এবং প্রায় অর্ধশত আহত হন।