সিরাজগঞ্জে বাঁধে ভাঙন, ঢুকছে যমুনার পানি
সিরাজগঞ্জ সদরে একটি নির্মাণাধীন নদীতীর রক্ষা বাঁধে ভাঙনের পর লোকালয়ে ঢুকছে যমুনা নদীর পানি।
রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যমুনা নদীর এই বাঁধে ভাগঙ দেখা দেয়।
স্থানীয়রা জানান, যমুনা নদীর পানির প্রবল চাপে বাহুকা চৌধুরীবাড়ি এলাকায় রিং বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে বাহুকা, ইটালি, সিমলা, বালিঘুগরি, চিলগাছা, ভেওয়ামারা, গজারিয়া ও পাঁচ ঠাকুরীসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের বন্যার শঙ্কা দেখা দেয়।
এসব এলাকার মানুষ আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছে বলে জানান তারা।
সংবাদ পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভীর শাকিল জয় ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ।
উদ্বেগ প্রকাশ করে এলাকার মানুষকে শান্ত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি এক বিবৃতিতে বলেন, বাঁধের ভাঙা অংশ দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং বাঁধের অভ্যন্তরের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, ২০ মিটার বাঁধ ভেঙেছে। বালির বস্তা দিয়ে তা মেরামত করা হবে। রাতেই ঠিক করা যাবে বলে আশা করা হচ্ছে।
বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, তাদের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
