২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

কুমিল্লায় কর্ভাডভ্যান, অটোরিকশা ও লরির ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও দুইজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 12:56 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান।

হতাহতরা সবাই অটোরিকাশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হল- সদর দক্ষিণের ধনাইতরি গ্রামের ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও তার ১৮মাস বয়সী ছেলে আসাদ এবং অটোরিকশা চালক মনির হোসেন (২৮)।

আহত ইকরাম হোসেন ও তার মেয়ে নাফিজা আক্তারকে (৬) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নজরুল জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি কর্ভাডভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। একই সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী অপর একটি লরি কর্ভাডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

“এতে অটোরিকশার যাত্রী মাহমুদা ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে আসাদ ও মনিরের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।