টঙ্গীর যুবলীগ নেতা হত্যার আসামি গ্রেপ্তার
টঙ্গীতে যুবলীগ নেতা কামাল হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. ফাহিম (৪৫) কামাল হত্যা মামলার প্রধান আসামি।
কামাল হোসেন (৪৩) স্থানীয় গোপালপুর এলাকার অলিউর রহমানের ছেলে ও টঙ্গী থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে কামাল হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম এ হত্যাকাণ্ডের করেছে বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ১ জুলাই রাতে টঙ্গী রেল স্টেশনের গোল চত্বর এলাকার রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে টঙ্গী থানার যুবলীগ নেতা কামাল উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবলীগ নেতা কামালের সঙ্গে ফাহিম ও তার স্থানীয় কয়েকজন বন্ধু দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত কোয়ার্টারে মাদক দ্রব্য সেবন ও জুয়া খেলে আসছিলেন।
ঘটনার দিন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কামালের সঙ্গে জুয়া খেলতে আসা ফাহিম ও অন্যান্য জুয়াড়িদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ফাহিম ও তার সহযোগীরা চাকু দিয়ে কামালের তলপেটে আঘাত করে হত্যা করেন।
