ছেলের বাসায় বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
গাজীপুরে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দেলায়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জংশনের আউটার সিগন্যালে তার মৃত্যু হয়।
নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের নান্দাইল থানার আহম্মদপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
এএসআই দেলায়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে গ্রামের বাড়ি থেকে গাজীপুরা এলাকায় ছেলে দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন আয়েশা। সকালে নাতি আশিককে (১৪) সঙ্গে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
“রেলস্টেশনে যাওয়ার জন্য তারা রেলপথ ধরে হাঁটছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে জংশনের উত্তরের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস আয়েশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
নাতি আশিকের কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।
