টানা বর্ষণে কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত
কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক গ্রামের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি বেড়ে মাতামুহুরী ও বাঁকখালী নদী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে জেলার অসংখ্য মৎস্য ঘের। সেইসঙ্গে পানিতে ডুবে গেছে অভ্যন্তরীণ সড়কগুলো।
প্লাবিত এলাকাগুলোর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত ৩০ জুন থেকে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হচ্ছে; তবে ভারি বৃষ্টিপাতে শুরু হয় ৩ জুলাই থেকে।
“গত দুই দিনের ভারি বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।”
আগামী শুক্রবার পর্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫১ মিলিমিটার।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। এতে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
তিনি বলেন, বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।
দুর্যোগ মোবাবেলায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের কর্তাব্যক্তিরা বন্যা পরিস্থিতির সর্বাক্ষণিক নজর রাখছেন বলেও জানান জেলা প্রশাসক।
বন্যায় চকরিয়া পৌরসভাসহ উপজেলার বদরখালী, দিগরপানখালী, লক্ষ্যারচর, সাহারবিল, বিএমচর, পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া, রাজাখালী এবং কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, জালালাবাদ, পোঁকখালী, চৌফলদন্ডী, ঝিলংজা, রামু উপজেলার কাউয়ারখোপ, দক্ষিণ মিঠাছড়ি, চাকমারকূল ও রাজারকূল ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানা গেছে।
চকরিয়া উপজেলার চেয়ারম্যান জাফর আলম বলেন, উজান থেকে নেমে আসা ঢলে চকরিয়া পৌরসভাসহ উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধসহ গ্রামীণ নানা অবকাঠামো।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শবীবুর রহমান বলেন, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ বেড়ি বাঁধ পানিতে তলিয়ে গেছে। ফলে বাঁধগুলো ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
তবে পানি না নামা পর্যন্ত ক্ষয়ক্ষতি বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
বন্যায় জেলার বিভিন্ন এলাকার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে বলে জানান শবীবুর রহমান।
