তানোরে র্যাবের ধাওয়া খাওয়া তরুণের লাশ
রাজশাহীর তানোরে ধাওয়া খেয়ে পালানোর পর পুকুর থেকে এক ‘মাদক বিক্রেতার’ লাশ উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৫-এর অপারেশন কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে উপজেলার চান্দুরা ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সায়েম উদ্দিন (৩০) পবা উপজেলার দারুশা এলাকার আকবর আলীর ছেলে।
এছাড়া এ ঘটনায় একই এলাকার আতাহার আলীর ছেলে সেলিম রেজাকে (২৬) আটক করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তা আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে র্যাবের টহল দল নওপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলকে থামার সঙ্কেত দেয়।
“তারা মোটরসাইকেল থামিয়ে রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে সেলিমকে আটক করা হয়। আর সায়েমকে পাওয়া যায় পুকুরের পানিতে। তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় র্যাব তাদের কাছ থেকে আট কেজি গাঁজা, তিনটি সিম, দুটি মোবাইল ফোনসেট ও দুই হাজার ২১০ টাকাসহ মোটরসাইকেল দুটি জব্দ করেছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আশরাফুল।
