হাঁটতে বেরিয়ে মাইক্রোর ধাক্কায় টাঙ্গাইলে ২ নারী নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে সকালে হাঁটতে বেরিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক নারী।
উপজেলার নিজবর্ণী এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান।
নিহতরা হলেন- নিজবর্ণী এলাকার বাবুল বকলের স্ত্রী রেবা বেগম (৩২) ও বেলুটিয়া এলাকার মজিদের স্ত্রী সাহাতন (৫০)।
আহত ওবায়দা বেগমকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই উপজেলার বউলা এলাকার আব্দুল্লাহ আল মামুন জুয়েলের স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মজিবর বলেন,“সকালে তিন নারী টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় জামালপুরাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোটি ফুটপাতে উঠে পড়ে। মাইক্রোর ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।”
পরে আহত অবস্থায় বাকি দুইজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
