বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
রাজশাহী নগরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন; আহত হন আরও চারজন।
বুধবার দুপুরে বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিয়তুল্লাহ (৪২) ঢাকার সাভারের কলমা এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে মঙ্গলবার তিনি আত্মীয় বাড়িতে বেড়াতে রাজশাহী এসেছিলেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।
ওসি শাহাদত জানান, নাটোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।
“আহতদের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরিয়তুল্লাকে মৃত ঘোষণা করেন।”
আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
