ব্যবসায়ী কমল হত্যায় কর্মচারীর স্বীকারোক্তি
খুলনায় স্বর্ণ ব্যবসায়ী কমল হত্যায় তার দোকানের এক কর্মচারীসহ দুজন জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এরা হলেন ব্যবসায়ী কমলের দোকান নিউ ভাই বন্ধু জুয়েলার্সের কর্মচারী রানা ও তার প্রতিবেশী আলম।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (দৌলতপুর) সহকারী কমিশনার সোনালী সেন জানান, রোববার দুপুরে খুলনার মহানগর হাকিম মো. শাহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই দুজন।
এর আগে তারা ব্যবসায়ী কমল হত্যায় পুলিশের কাছে স্বীকারোক্তি দেন এবং ঘটনা পুরো বিবরণ দেন বলে জানান তিনি।
শনিবার রাতে মহানগরীর আটরা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী কমল চন্দ্র পালকে গলাকেটে হত্যা করা হয়।
সহকারী কমিশনার সোনালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপর খুলনা মেডিকেলে কমলকে দেখতে যান তার দোকানের কর্মচারী রানা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে ‘সহযোগী’ আলমকে ফুলতলা থেকে আটক করা হয়।
কমল হত্যায় তার দোকান কর্মচারীসহ চারজন জড়িত জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্য রানা, আলম, আমজাদ ও লিটন ব্যবসায়ী কমলকে হত্যার পরিকল্পনা করে। শনিবার রাতে বাড়ি যাওয়ার জন্য কমল ইজিবাইকে উঠে কিছু দূর গেলে তারা জোর করে সেই গাড়িতে উঠে পড়ে এবং আটরায় একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ছুরি ও ক্ষুর দিয়ে কমলকে গলাকেটে করে হত্যা করে তারা।
“হত্যার পর কমলের কাছ থেকে লুট করা এক লাখ টাকা ও ১৫-১৬ ভরি স্বর্ণালংকার লিটনের কাছে রয়েছে।”
পলাতক লিটন ও আমজাদকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান কমিশনার সোনালী।
খানজাহান আলী থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, রোববার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ওই চারজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের ছোট ভাই খোকন পাল।
