২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, দুলাভাই আটক

কক্সবাজারের অপহরণের সাতদিন পর এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির দুলাভাইকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 04:41 PM

Updated : 19 Aug 2022, 04:56 PM

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমা পাড়ার একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার ভোরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের এ তথ্য জানান।

উদ্ধারকৃত সাইফুল ইসলাম রানা (৮) হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়ার মোস্তাক আহমদের ছেলে।

গ্রেপ্তার মমতাজ মিয়া (২৫) একই ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি সেতু এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

এএসপি টুটুল বলেন, সাইফুলকে গত ১৪ জুন সকালে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা সাইফুলের বাবা ও ভাইয়ের মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সাইফুলের পরিবারের লোকজন থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ সাইফুলকে উদ্দারে অভিযান শুরু করে বলে জানান তিনি। 

“অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে সাইফুলের বোনের স্বামী মমতাজকে উখিয়ার হাজীপাড়া থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে মমতাজের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়।”

চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে যাওয়ার কথা বলে তার দুলাভাই তাকে একটি জঙ্গলে নিয়ে আটকে রাখে বলে সাইফুল জানায়।

এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে মমতাজ মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেছেন বলে এএসপি জানান।