বেনাপোলে ৯ মন নিষিদ্ধ বাজি উদ্ধার
যশোরে খুলনাগামী একটি ট্রেন থেকে নয় মণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
বেনাপোল শুল্কভবনের শুল্ক গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মাদ সাদেক শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার বেনাপোল থেকে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায় খুলনার উদ্দেশে। বেলা সাড়ে ৪টার দিকে ঝিকরগাছা রেল স্টেশনে এই চালানটি আটক করা হয়।
“জব্দ করা বাজির মধ্যে ‘কিং কোবরা’ ব্রান্ডের ২০৫ কেজি, ‘স্কাই ফ্লাশ’ ব্রান্ডের ৪৮ কেজি, চকলেট বোমা ৬৫ কেজি ও ‘অসোক বাম্পার’ ব্রান্ডের ৪ কেজি রয়েছে।”
এগুলোর বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
সাদেক বলেন, ভারত থেকে আমদানি নিষিদ্ধ পটকা (বাজি), চকলেট বোমাসহ নানা ধরনের আতশবাজি ট্রেনে করে খুলনা নিয়ে যাওয়া হচ্ছে গোপন এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দাদের তিনটি টিম অভিযান চালায়।
“এসব পটকা বেনাপোলের পুটখালি সীমান্তের চরের মাঠ দিয়ে বাংলাদেশে আসে। রাতে চোরাকারবারীরা নাভারন ও ঝিকরগাছা রেল স্টেশন এলাকায় নিরাপদ আস্তানায় রেখে দেয়। পরে গন্তব্যে পাচার করে।”
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
