২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের জেলা প্রশাসককে ‘হুমকি’

এক হোটেল ব্যবসায়ীর নামে হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন গাজীপুরের জেলা প্রশাসক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 01:17 PM

Updated : 11 Apr 2022, 11:47 PM

জয়দেবপুর থানার এসআই হুমায়ুন কবির জানান, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বৃহস্পতিবার জয়দেবপুর থানায় এই জিডি করেন।

সেখানে বলা হয়, নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ‘রাজমনি ইন্টারন্যাশনাল’ নামের একটি আবাসিক হোটেলের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মোবাইলে ফোন করেন।

“ওই ব্যক্তি বলেন, তার হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যেন অভিযান না চালায়। অভিযান চালালে জেলা প্রশাসককে দেখে নেওয়া হবে বলে তিনি হুমকি দেন,” বলেন এসআই হুমায়ুন।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যে মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তার মালিক কে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কের পাশে হোটেল রাজমনিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ‘অসমাজিক কার্যক্রম’ চলে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ নিয়ে তারা মানববন্ধনও করেছেন।

“ওই হোটেলের মালিকের নাম বাবুল মিয়া ওরফে টুন্ডা বাবুল। রমজান মাসেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে অসছে বলে অভিযোগ পেয়েছি,” বলেন ওসি। 

এ বিষয়ে ওই হোটেল মালিক বাবুল মিয়া বলেন, “যে নম্বর থেকে ফোন করা হয়েছে সেটা আমার না। হোটেল ব্যবসা নিয়ে স্থানীয় ইকবাল ও জাহাঙ্গীরের বিরোধ চলছে। সম্প্রতি আমাকে না জানিয়ে তারা হোটেলের আসবাবপত্র নিয়ে গেছে।”

তারাই তাকে ফাঁসানোর জেন্য ফোন করে থাকতে পারে বলে ধারণা বাবুলের।

জেলা প্রশাসক হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার থেকে পর্যায়ক্রমে জেলার সব আবাসিক হোটেলে অভিযান চালানো হবে।