রোজায় খোলা রাখায় সিলেটে ক্যান্টিনে হামলা, আহত ৫
রোজায় খোলা রাখায় সিলেটে কালেক্টরেট ক্যান্টিন ও জেলা আইনজীবী সমিতির ক্যান্টিনে হামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ হামলায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।
আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আব্দুর রহিম ও দুলাল নামে দুই হামলাকারীকে আটক করেছে। অন্যরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকাল পৌনে ৯টার দিকে কয়েকজন লোক আইনজীবী সমিতির ক্যান্টিনে ঢুকে রমজান মাসে ক্যান্টিন খোলা রাখার অনুমতি কে দিয়েছে তা জানতে চায়।
“এ নিয়ে কিছুক্ষণ ক্যান্টিনের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্যান্টিনে ভাংচুর চালায় তারা। এ সময় দুই জন আহত হয়।”
পরে কালেক্টরেটের অস্থায়ী ক্যান্টিনেও হামলা চালায় তারা। এতে ওই ক্যান্টিনের বাবুর্চিসহ তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।
হামলার খবর পেয়ে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোসহ অন্যান্য বিচারিক হাকিম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ বলেন, “আদালতের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এমন ঘটনা যেন আর না ঘটে প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।”
