খুলনায় মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা
খুলনা শহরের হরিণটানায় এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতরা।
বুধবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে হরিণটানা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান।
মৃত শাহাদাৎ হোসেন (৬৫) সোনাডাঙ্গার প্রয়াত গয়েজ উদ্দিন মোল্লার ছেলে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ওসি মোশাররফ বলেন, বুধবার রাত সোয়া ৮টার দিকে মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনসহ কয়েকজন স্থানীয় হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গল্প করছিলেন। এ সময় ৮/১০জন লোক তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।
এ সময় গুলিতে আহত লিয়াকত, মোস্তফা, বুলু ও রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হত্যায় জড়িত সন্দেহে আযম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড খুলনা মহানগরের কমান্ডার আলমগীর কবির।
