সাগরে নিম্নচাপ: ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ
নিম্নচাপের কারণে ঝড়ো হাওয়ায় কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
সোমবার চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার জসিম উদ্দিনের ট্রলারটি মাছ ধরতে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর ১২ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন দুজন।
এরা হলেন ট্রলারটির মাঝি চকরিয়ার কুঁচাখালীর মোহাম্মদ বেলাল (৫০) ও মহেশখালীর ঠাকুরতলার রাম্মু রাখাইন (৫৩)।
উদ্ধার হওয়া আহত জেলেদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধার জেলে রবি জলদাশ ও জগদানন্দ জলদাশ জানান, চার দিন আগে সাগরে মাছ ধরতে যান তারা। রোববার দুপুরের দিকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলার পর উপকূলের দিকে ফিরে আসতে থাকেন।
রাত দেড়টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের পশ্চিমে সাগরের ২ কিলোমিটার দূরে পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি বিধ্বস্ত হয়ে তারা সাগরের ভাসতে থাকেন বলে জানান তারা।
পরে ট্রলার মালিক খবর পেয়ে সোমবার দুপুরে অন্য ট্রলারে করে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু ট্রলারের মাঝিসহ দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানান এ দুই জেলে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে রোববার সন্ধ্যা থেকে কক্সবাজারে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়।
এতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক সময়ের চেয়ে ১ থেকে ২ ফুট বেড়ে যায়। এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ৬৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
অস্বাভাবিক জোয়ারে কক্সবাজারের উপকূলীয় এলাকার ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
সদর উপজেলার খুরুশকূল, চৌফলদন্ডী, পোকখালী, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ী, পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া, টেকনাফ উপজেলার সাবরাং, কুতুবদিয়ার আলী আকবর ডেইল, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের এসব গ্রাম জোয়ারের সময় পানির বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে।
খুরুশকূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বৃষ্টিপাতের কারণে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করায় জোয়ারের সময় ২/৩টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে ভাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পানি নেমে যাওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু জানান, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় পানি প্রবেশ করায় উজানটিয়া ও মগনামা ইউনিয়নের আটটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বেশ কিছু বসতবাড়িতে পানি প্রবেশ করায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন।
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ।
