লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
লক্ষ্মীপুরে সদর উপজেলায় দুপক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বড়ভাই।
শুক্রবার রাতে মধ্য কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি লোকমান হোসেন জানান।
নিহত নুর হোসেন ও আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে। জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মনছুর আহমদ জামে মসজিদ কমিটির সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মনছুর আহমদ ও ইমাম আল আমিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় মনছুর আহমদ জামে মসজিদের ইমাম আল আমিন নামাজের পর মোনাজাত করাতেন না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনছুর আহমদ শুক্রবার জুমার নামাজের পর ইমামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ইমামের লোকজন ও মসজিদ কমিটির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে শুক্রবার রাতে তারাবির নামাজের পর স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন নুর হোসেন ও জাকির হোসেনকে পিটিয়ে জখম করে বলে এলাকাবাসীর ভাষ্য।
নিহতের স্বজনরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় নুর হোসেনের মৃত্যু হয়।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, নুর হোসেনের মরদেহ ঢাকা থেকে আসার পর ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকালে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সহকারী পুলিশ সুপার শাহনেওয়াজ খন্দকার ও তিনি (ওসি) নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান ওসি।
গত ৩/৪ মাস ধরে আল আমিন ওই মসজিদে ইমামতি করছেন। তিনি চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে বলে এলাকাবাসী জানায়।
নিহতের ভাই জাকের, স্ত্রী জেসমিন আক্তার, মেয়ে মিতু আক্তার ও ছেলে রুবেল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
