২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রবাসী নারী খুন: বাড়ির তত্ত্বাবধায়ক আটক

গাজীপুরের টঙ্গীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে হত্যার ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 12:27 AM

Updated : 19 Aug 2022, 04:50 PM

বৃহস্পতিবার আরিচপুর এলাকায় ঘটনাস্থল ওই বাড়ি থেকে সোহেল মিয়াকে আটক করা হয়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র থাকার পর সোমবার দেশে ফিরেন আবুল বাশারের স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০)। বুধবার দুপুরে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন তিনি।  

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার স্বামী-স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আরিচপুর এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্লাটে ওঠেন। মনোয়ারা বেগমই বাড়িটির খোঁজখবর রাখতেন।

নিহতের স্বামী আবুল বাশার বলেন, দেশে ফিরে বাড়ির কেয়ারটেকার সোহেলের সঙ্গে ভাড়ার হিসাব নিকাশ নিয়ে বসেন তিনি। এ সময়ে সোহেল এত হিসাব-নিকাশ দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“তারই জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার সারোয়ার বিন কাশেম বলেন, বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির কেয়ারটেকার সোহেলকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানের সময় খুনে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ওই ঘটনায় নিহতের স্বামী আবুল বাশার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাড়ির কেয়ারটেকার সোহেলকে প্রধান আসামি করে অজ্ঞাত দুর্বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে।

“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সেখান থেকে বেশকিছু আলামত সংগ্রহ করেছে। তা থেকে পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডে একাধিক লোক জড়িত।”

এর আগে ২০১০ সালেও মনোয়ারাকে হামলাকারীরা গুলি করেছিল। তখন গুলি তার পায়ে লাগলেও তিনি প্রাণে বেঁচে যান বলে জানান ওসি ফিরোজ।

গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডে একাধিক লোক জড়িত। এছাড়া বেশ কয়েকটি সূত্র ধরে পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে কয়েকজন লোক। পরে তাকে  ধারালো অস্ত্রের আঘাতে খুন করে আবুল বাশারের স্ত্রী মনোয়ারা বেগমকে।