২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পেটানোর অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

যশোরে পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে একদল ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার বিকালে জেলা শহরের নেতাজী সুভাষচন্দ্র বসু সড়কে ট্রাফিক পুলিশ অফিসে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সুমনকে আটক করেছে।

যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক মুহম্মদ ফজলুল করিম বলেন, দুপুরে মেজবাহ উদ্দিন সুমনসহ তিনজন একটি নতুন মোটরসাইকেলে করে শহরের মণিহার এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওইসময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাফিজ তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। তারা সেগুলো দেখাতে ব্যর্থ হলে সার্জেন্ট মোটরসাইকেলটি আটক করেন।

ফজলুল বলেন, বেলা ৩টার দিকে সুমন ও ছাত্রলীগ এমএম কলেজ শাখা সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে ২০-২৫ জন যুবক ট্রাফিক পুলিশ অফিসে হামলা চালায়।

“তারা অফিসে দায়িত্বরত কনস্টেবল ইকলাসুর রহমান, নূরুল ইসলাম ও মফিজুর রহমানকে কিল চড় লাথি মেরে আহত করে। একইসঙ্গে অফিসের একটি টেলিফোন সেট ভাংচুর ও কাগজপত্র তছনছ করে।”

এ ঘটনায় জড়িত সুমনকে আটক করে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ফজলুল।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, মেজবাহউদ্দিন সুমন এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য একটি মোটরসাইকেল আটকের ঘটনায় ছাত্রলীগের কয়েকজন ট্রাফিক পুলিশ অফিসে গেলে সেখানে কর্তব্যরতরা তাদের মা-বাবা তুলে গালাগাল করেন।

“এ ঘটনায় যুবকরা ক্ষিপ্ত হয়ে তাদেরও গালিগালাজ করে চলে আসেন। তারা মারধর বা হামলা করেননি।”

তিনি বলেন, মোটরসাইকেল ফেরত দেওয়ার নামে সুমনকে ট্রাফিক পুলিশ তাদের অফিসে ডেকে নেয়; কিন্তু এখন শোনা যাচ্ছে তাকে আটক করা হয়েছে।