নিজের ছেলেকে বিষ দিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুধে বিষ মিশিয়ে নিজের ছেলেকে খাইয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক মা।
বৃহস্পতিবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল হাই জবানবন্দি রেকর্ড করেন।
সামিয়া আক্তার বীথি (২০) নামের ওই নারী শ্রীপুর উপজেলার মাওনা চকপাড়ার হারুন-অর-রশিদের স্ত্রী।
তাদের আট মাস বয়সী নিহত ওই সন্তানের নাম আদনান লাবিব সাদ।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, আদালতে বীথি জেদের বশে ফিডারের দুধে বিষ মিশিয়ে সাদকে খাওয়ানোর কথা স্বীকার করেন।
বীথির স্বামীর বরাত দিয়ে এসআই আজিজুল বলেন, আড়াই বছর আগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার করিম মিয়ার মেয়ে বীথির সঙ্গে শ্রীপুরের মাওনা চকপাড়ার হারুনের বিয়ে হয়। সন্তান গর্ভধারণের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে মাঝে-মধ্যে কলহ হচ্ছিল।
তিনি বলেন, বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হারুন স্ত্রী-সন্তান রেখে নিজ ঘর থেকে বের হয়ে তার মায়ের ঘরে ঘুমাতে চলে যান। কিছুক্ষণ সেখানে থাকার পর হারুনের মা হামিদা বেগম তাকে বুঝিয়ে আবার তার (ছেলের) ঘরেই পাঠিয়ে দেন।
“এ সময় হারুন ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে বমি করছে এবং শরীর ও হাত-পা অনেকটা নীল বর্ণ ধারণ করেছে। এ দৃশ্য দেখে হারুন ডাক চিৎকার শুরু করেন। তখন আশ-পাশের লোকজন ছুটে আসে এবং হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।”
বীথির বরাত দিয়ে এসআই আজিজুল জানান, বীথি খুবই খিটখিটে ও বদমেজাজি স্বভাবের। বুধবার রাতে ঝগড়ার পর স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে বীথি ঘরে থাকা কীটনাশক দুধের ফিডারে মিশিয়ে সাদকে খাইয়ে দেন। এর কিছু সময় পরই সাদ মারা যায়।
তবে ছেলেটি যে এত দ্রুত মারা যাবে এটা বীথি বুঝতে পারেননি বলে পুলিশকে জানান তিনি, বলে আজিজুল।
আজিজুল বলেন, পুলিশ রাতেই শিশুর লাশ উদ্ধার ও তার মা বীথিকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীথি দুধে বিষ মিশিয়ে তার সন্তানকে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করলে আদালতে পাঠানো হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাদের বাবা হারুন-অর-রশিদ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
