ঝড়ে ঈশ্বরদীতে লিচুর ব্যাপক ক্ষতি
কাল বৈশাখী ঝড়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় লিচুর বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে।
বুধবার রাতে উপজেলা দুটির বিভিন্ন গ্রামের উপর দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শিলা বৃষ্টি ও ঝড়ের আঘাতে আধা পাকা লিচু ফেঁটে গেছে। গাছ উপড়ে গেছে। ঝরে পড়েছে হাজার হাজার লিচু।
ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের লিচু চাষি ফকরুল ইসলাম বলেন, পরপর দুইবার কালবৈশাখী ঝড়ে আমাদের গ্রামের সব বাগানের লিচু ঝড়ে গেছে। ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কারণেও লিচু ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে।
“এই মৌসুমী ফল বিক্রি করে আমাদের অনেকের সংসার চলে। এখন কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব বুঝে উঠতে পারছি না।”
পাকশী গ্রামের রাসেল হোসেন বলেন, “লাভের আশায় ব্যাংক থেকে লোন নিয়ে ১০টি বাগান কিনেছিলাম। আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) আবুল খায়ের বলেন, শিলাবৃষ্টি আর কাল বৈশাখী ঝড়ে লিচুর বেশ ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে জরিপ না করে বলা কঠিন।
তবে লিচু আহরণ পর্যায়ে থাকায় কৃষকরা এ ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে ধারণা করছেন তিনি।
