সিদ্ধিরগঞ্জে মাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।
মঙ্গলবার বিকালে কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহা. সরাফত উল্লাহ জানান।
নিহত রেজিয়া বেগম (৬৫) ওই এলাকার মৃত মনসুর আলী মাতব্বরের স্ত্রী।
এ ঘটনায় তাদের ছেলে নুরু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি সরাফত বলেন,নুরু মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মা বড় ছেলের ইসমাইলের বাসায় থাকেন।
“দুপুরে ছেলের খোঁজখবর নিতে এসে বাঁধন খুলে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে বাসায় ফিরিয়ে আনলে নুরু তার মাকে কুপিয়ে হত্যা করে।”
এলাকাবাসীর সহায়তায় নুরুকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
