ইমামের ওপর হামলা ‘ধর্মীয় মতবিরোধ’ থেকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইমামের ওপর হামলার দায় স্বীকার করে গ্রেপ্তার একজন বলেছেন, মুসলমানদের ‘বিভ্রান্ত করার কারণে’ তাকে হত্যার জন্য তিনজন এই হামলা চালায়।
তবে তারা কোনো সংগঠনের সদস্য না বলে তার দাবি।
উপজেলার কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে (৩৫) সোমবার রাতে কুপিয়ে জখম করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
হামলার সময় আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহ নামে একজনকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহাদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ইমাম মোস্তাফিজুর রহমান মুসলমানদের বিভ্রান্ত করছে, তাদের ঈমান নষ্ট করে ‘কাদিয়ানি’ বানাচ্ছে।
“এ কারণে, ওই কাফের মোস্তাফিজকে হত্যা করা ইমানি দায়িত্ব ছিল বলেই তাকে দা দিয়ে কুপিয়েছি মেরে ফেলার জন্য।”
নিজেকে ঈশ্বরগঞ্জ ইসলামপুর দারুস সুন্নাত জাফরিয়া মাদরাসার ছাত্র বলে পরিচয় দিয়ে আহাদ বলেন, হামলাকারী অন্য দুইজন ইলিয়াস হোসেন ও জহিরুল ইসলাম তার সহপাঠী।
আহাদ নেত্রকোনার কলমাকান্দার চারিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বলে নিজের পরিচয় দেন।
তিনি ওই মাদরাসায় ‘শরহে বেকায়া শ্রেণিতে’ পড়াশোনা করছেন জানিয়ে বলেন, এর আগে চট্টগ্রামের মেকল মাদরাসায় এক বছর লেখাপড়া করেছেন।
“গত তিন সপ্তাহ আগে জানতে পেরেছি, ইমাম মোস্তাফিজ মুসলমানদের বিভ্রান্ত করছে। তখনই পরকিল্পনা করি এই কাফেরকে আর দুনিয়ায় রাখা যাবে না। তিন দিন আগে ধারালো দা সংগ্রহ করে ইলিয়াস ও জহিরুলকে সাথে নিয়ে ঈশ্বরগঞ্জে আসি তাকে মারার জন্য।”
তিনি কোনো দল বা গোষ্ঠীর সদস্য না বলে দাবি করে বলেন, “নিজ উদ্যোগেই ইমামকে মেরে ফেলার পরিকল্পনা করে হামলা করেছি।”
আহাদ পুলিশকেও একই কথা বলেছেন বলে জানান জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসাধীন আহাদ সুস্থ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
ওই মসজিদের মোয়াজ্জিন আইয়ুব আলী জানান, ইমাম মোস্তাফিজ আশপাশের গ্রামের মুসলমনাদেরও আমাদের মসজিদে এসে ধর্মের কথা শোনার জন্য দাওয়াত দিতেন। অনেকেই আসতেন বিভিন্ন অনুষ্ঠানে।
“মাস দুই আগে ঢাকা থেকে কোনো একটি মাদ্রাসার বেশ কয়েকজন হুজুর আশপাশের মুসলমান সম্প্রদায়ের লোকজনের কাছে আসেন এবং আহমদিয়া সম্প্রদায়ের মসজিদটি এই এলাকায় রাখা যাবে না বলে ঘোষণা দিয়ে যান। এরপরই এ হামলার ঘটনা ঘটল।”
ইমাম মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের কাহালু উপজেলায়।
মোয়াজ্জিন আইয়ুব জানান, মোস্তাফিজ দুই বছর ধরে এ মসজিদে ইমামতি করছেন। মসজিদের পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় দিনাজপুরে গ্রামের বাড়িতে রেখে এসেছেন। এখন এখানে তিনি একাই থাকেন।
