ধান ক্ষেত থেকে মানুষের হাড়গোড় উদ্ধার
বগুড়ার ধুনটে ধান ক্ষেত থেকে মানুষের মাথার খুলিসহ নয়টি হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের এক ক্ষেত হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান।
তিনি বলেন, “ধান ক্ষেত থেকে মানুষের মাথার খুলিসহ ৯ টুকরো হাড় উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হাড়গুলো অনেক পুরনো বলে মনে হচ্ছে।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওই জমির বর্গাদার আলতাব হোসেন বলেন, “এলাকা মমতাজুর রহমানের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছি। সোমবার বিকালে ওই জমিতে ছয়জন দিনমজুর নিয়ে ধান কাটতে গিয়ে মানুষের হাড়গোড় দেখতে পাই।
“প্রায় এক মাস আগে থেকে জমিতে পানি দেওয়া বন্ধ ছিল। তখনই হয়তো কে বা কারা ওগুলো ফেলে গেছে।”
