২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ‘ধর্ষকের’ হুমকিতে দুইদিন থানায়

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে; মামলার পর ‘ধর্ষকের’ হুমকিতে ওই মেয়ে ও তার মাকে দুইদিন থানায় অবস্থান করতে হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার আদালতের নির্দেশে তাকে মায়ের জিম্মায় বাড়ি যেতে দেওয়া হয়।

সদর থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।

আসামি আশরাফুল ইসলামের বাড়ি উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য দুইদিন ধরে ওই মেয়ে ও তার মা থানায় ছিলেন।

“মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম ফারহানা খাতুনের আদালতে জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।”

মামলার বরাত দিয়ে ওসি বলেন, প্রতিবন্ধী মেয়েটি বাড়িতে একা থাকার সুযোগে গত ২৯ এপ্রিল চাচত ভাই আশরাফুল ইসলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করে। এসময় মেয়েটির গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে আশরাফুল পালিয়ে যায়।

ওই কিশোরীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী ও আমি দিন মজুরের কাজ করি। বাড়িতে বাক প্রতিবন্ধী মেয়ে একাই থাকে।

“ধর্ষণের ঘটনায় থানায় মামলা করায় আশরাফুল বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে এবং বিষয়টি মীমাংসা করতে চাপ দিচ্ছে। এজন্য গত দুইদিন ধরে মেয়েকে নিয়ে নিরাপত্তার জন্য থানায় অবস্থান করছি।”