২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে দুর্নীতির অভিযোগ তুলে একটি স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 03:39 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। 

পুলিশ লাঠিপেটা করে তাদের প্রতিহত করলেও পরে শিক্ষার্থীদের পাল্টা হামলায় প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন ও দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরাতে লাঠিপেটা করে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, “মহাসড়ক থেকে স্কুলে ফিরে গিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা স্কুল ভবন ও প্রধান শিক্ষকের কক্ষে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

“এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়লে প্রধান শিক্ষক ও টঙ্গী থানার তিন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হন।”

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

তবে প্রধান শিক্ষকের বরাত দিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, “সম্প্রতি ওই স্কুলের দুই শিক্ষককে পরিচালনা পরিষদ সাময়িক বরখাস্ত করে। তাদের ‘উস্কানিতে’ কিছু শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।”