২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হারিয়ে অবশেষে বাবার কোলে সোহানা

মায়ের মৃত্যুর তিন দিন পর চার বছরের শিশু সোহানা বাবার কাছে ফিরে গেছে, যার সঙ্গে দেড় বছর কোনো যোগাযোগ ছিল না তাদের।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2017, 07:01 PM

Updated : 11 Oct 2022, 01:55 PM

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসন সোহানাকে বাবার কাছে হস্তান্তর করে।

গত শনিবার সন্ধ্যায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শিশুটির মা তানজিলা সৌখিনকে (৩০) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যান। ওই সময় মায়ের সঙ্গে ছিল শিশু সোহানা।

তানজিলাকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে তিনি মারা যান।

ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, মায়ের মৃত্যুর পর শিশুটিকে নিয়ে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির পরিচয় বা সঠিক ঠিকানা না পেয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজ সেবা অফিস ওই হাসপাতালের সেবিকা সাজেদা বেগমের কাছে রাখে সোহানাকে।

“এরপর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে শিশুটির বাবা ও আত্মীয়দের সন্ধ্যান পাওয়া যায়।”

Image
জেলা প্রশাসকের কক্ষে সেবিকা সাজেদা বেগমের কোলে সোহানা

জেলা প্রশাসকের কক্ষে সেবিকা সাজেদা বেগমের কোলে সোহানা

মঙ্গলবার বিকালে শিশুটির বাবা নারায়গঞ্জের বন্দর থানা এলাকার বাসিন্দা এস এম সোহাগ ফরিদপুর আসেন। এর আগেই শিশু সোহানা ও তার ভাই সোয়াতকে (১৪) জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

সোয়াত ফরিদপুরে একটি মোটর গ্যারেজে কাজ করে। পত্রিকায় তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ হলে গ্যারেজ মালিক মো. আজাদ তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।

জেলা প্রশাসক বলেন, তিনি নিজে এবং শহর সমাজ সেবা কর্মকর্তা নুরুল হুদা দীর্ঘ সময় শিশুটির বাবা এস এম সোহাগ ও তার আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, এনডিসি পারভেজ মল্লিক, সাংবাদিক পান্না বালা, নির্মলেন্দু চক্রবর্তী, হাসানউজ্জামন, মফিজুর রহমান শিপন, সাজ্জাদ বাবু, খায়রুজ্জামান সোহাগ, আলীমুজ্জামান রনিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবার কাছে শিশুটি হস্তান্তরের সময় এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়। সেবিকা সাজেদা বেগমের কোল থেকে সোহানা কোনোভাবেই নামতে চাইছিল না। ওই সময় সে চিৎকার করে বলছিল- ‘আমার মা হাসপাতাল থেকে হারিয়ে গেছে।’ এ সময় উপস্থিত সবার চোখ সজল হয়ে ওঠে।

শিশু সোহানা ও সোয়াতের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নতুন পোশাক এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শিশুটির বাবা এস এম সোহাগ সাংবাদিকদের বলেন, হয়রানিমূলক একটি মামলায় গত দেড় বছর কারাগারে থাকায় তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ নিতে পারেননি। নারায়গঞ্জের ভাড়া বাসার মালামাল বিক্রয় করে তার স্ত্রী বছর খানেক সংসারের চালিয়েছেন। এরপর উপায় না দেখে তার স্ত্রী তানজিলা সৌখিন সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি ফরিদপুরের শিবরামপুরে চলে আসেন।

“সেখান আশ্রয় না পেয়ে ফরিদপুর শহরের আসেন কাজের সন্ধানে। গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবন কাটাতে থাকে। এক পর্যায়ে আমার ছেলে সোয়াতকে মোটরসাইকেল গ্যারেজে কাজ দেন।”

মানবাধিকার সংস্থা ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তানজিলা সৌখিন মৃত্যুর চার মাস আগে আমার কাছে এসেছিলেন তার চিকিৎসার টাকার সংস্থানের জন্য পরামর্শ চাইতে। তার বাবার বাড়ির প্রাপ্য সম্পদের হিস্যা চেয়ে আমরা নোটিশও করেছিলাম।

“এক পর্যায়ে অসুস্থ তানজিলা সৌখিনকে আমরা ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলাম। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি ফরিদপুরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।”