রাবি শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থিরা জয়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সবকটি পদে জয় পেয়েছে আওয়ামীপন্থি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল।
রসায়নের অধ্যাপক নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমীন ৪৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক দীলিপ কুমার মন্ডল এই ফলাফল ঘোষণা করেন।
বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলকে হারিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এই কার্যকর পরিষদের সব কয়টিতে জয় পেয়েছে হলুদ প্যানেল।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৪৩ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন ভোট প্রদান করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক শাহ, সদস্য সনজীব কুমার সাহা, মমতাজ পরভীন (মাধবী), খাইরুল ইসলাম, লুৎফর রহমান, রফিকুল ইসলাম (রয়েল), জেসমীন সুলতানা, নুরে আলম সিদ্দিকী, আশরাফুল ইসলাম (রাজিব), জাহিদুল ইসলাম ও আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম।
