২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টে ফেলা হয়েছে রাজশাহী চারুকলার সব ভাস্কর্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সব ভাস্কর্য উল্টে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে;  বন্ধ করে রাখা হয়েছে ভাস্কর্য বিভাগের শিক্ষকদের কার্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 12:38 PM

Updated : 11 Oct 2022, 01:49 PM

সোমবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে অনুষদের গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্ট্রি অব আর্ট বিভাগের সভাপতি অধ্যাপক  মো. আমিরুল মোমিন চৌধুরীর ধারণা।

মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কারা করেছে তা এখনও জানতে পারিনি। বিষয়টি আমরা প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। তবে রাতে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সঙ্গে এখনও কথা বলতে পারিনি।”

সকালে ঘটনা শোনার পর শিক্ষকরা বিভাগে এসে জরুরি বৈঠকে বসেছেন বলে জানান অধ্যাপক  আমিরুল মোমিন।

এবার পহেলা বৈশাখের এক দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে আাঁকা বৈশাখী আলপনা পোড়া মোবিল ছিটিয়ে নষ্ট করার ঘটনা ঘটে। সেই ঘটনার পর সপ্তাহ না ঘুরতেই রাজশাহী চারুকলায় ভাস্কর্য উল্টে ফেলার ঘটনা ঘটল।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে একটু দূরেই চারুকলা অনুষদ। মূল ক্যাম্পাস থেকে চারুকলায় ঢুকতে একটি ফটক পার হতে হয়। বাইরে সবসময়ই পুলিশ থাকে।

চারুকলা অনুষদের পশ্চিম পাশে কৃষি অনুষদ, আর দক্ষিণে ভাস্কর্য বিভাগের ঠিক পেছনেই বিশ্ববিদ্যালয়ের শেষ সীমা। পাশ দিয়ে চলে গেছে পাকা রাস্তা।

সকালে চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি ছয় শতাধিক ভাস্কর্য উল্টানো ও বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে।

ভাস্কর্য স্তূপ করে আটকে দেওয়া হয়েছে ভাস্কর্য বিভাগের শিক্ষকদের কার্যালয়। পহেলা বৈশাখের শোভাযাত্রায় ব্যবহৃত পাল্কিও দূরে নিয়ে উল্টে ফেলে রাখা হয়েছে।

বিভাগের শিক্ষার্থীরা জানান, ভাস্কর্যগুলো প্রাঙ্গণে বিভিন্ন স্থানে রাখা ছিল। সকালে এসে তারা সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

তবে কারা এ কাজ করে থাকতে পারে, সে বিষয়ে তারা কেউ নিশ্চিত কোনো ধারণা দিতে পারেননি।